ঢাকা ( কুমিল্লার খবর.কম) : সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত নতুন সিইসি কাজী রকিবউদ্দিন।
নতুন সিইসি হিসেবে নিয়োগ পাওয়ার পর বুধবার তার বারিধারার বাসভবনে সাংবাদিকদের দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এটি একটি জাতীয় দায়িত্ব। এটা পালনের ক্ষেত্রে আমি যে কোনও ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি।’
তার এ নিয়োগকে বিএনপির প্রত্যাখ্যান সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, আমি এ বিষয়টি কিছু জানিনা। তাই কোনও মন্তব্য করতে পারছি না।’
উল্লেখ্য, সাবেক সচিব কাজী রকিবউদ্দিন আহমেদকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
বুধবার দুপুরে রাষ্ট্রপতির প্রেস সচিব নেসারউদ্দিন আহমেদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
এদিকে, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধান বিরোধীদল বিএনপি কাজী রকিবকে সিইসি নিয়োগের বিষয়টি অসাংবিধানিক বলে প্রত্যাখ্যান করেছে।
একই সঙ্গে চারজন নির্বাচন কমিশনারও নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তারা হচ্ছেন- সাবেক অতিরিক্ত সচিব আবু হাফিজ, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহনেওয়াজ, সাবেক যুগ্ম-সচিব আবদুল মোবারক ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাবেদ আলী।
বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া।
কাজী রকিব সদ্য বিদায়ী সিইসি ড. এটিএম শামসুল হুদার স্থলাভিষিক্ত হলেন। এটিএম শামসুল হুদা সিইসি হিসেবে নিয়োগ পান ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি। ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি তার মেয়াদ শেষ হয়।
কুমিল্লার খবর.কম, 0৮-০২-২০১২













