আশুগঞ্জ , ব্রাহ্মণবাড়িয়া ( কুমিল্লার খবর.কম) : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির অধীনে প্রস্তাবিত নতুন একটি ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
এজন্য বিদ্যুৎ কেন্দ্রের পূর্ব পাশে ১শ’ একর কৃষিজমি অধিগ্রহণের জন্য মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক আব্দুল মান্নান স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।
আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক নূরুল আলম, অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) খলিলুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার ফয়সল মাহমুদ, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, ক্ষতিগ্রস্ত কৃষক সংগ্রাম পরিষদের সভাপতি হাজী ছফিউল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক আজিজুর রহমান জজ মিয়া প্রমুখ।
অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) খলিলুর রহমান জানান, সরকার দেশের মোট বিদ্যুৎ চাহিদার অর্ধেকই আশুগঞ্জে উৎপাদনের প্রকল্প হাতে নিয়েছে। এজন্যে প্রায় ১শ’ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। এজন্য জমির মালিকদের নিয়ে মতবিনিময় করে তাদেরকে চিঠি দেয়া হয়েছে।
তিনি আরো জানান, কৃষকদের নায্যমূল্য দিতে এবং তাদের পুনঃবাসন করতে সরকার যথাযথ ব্যবস্থা হাতে নিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া ( কুমিল্লার খবর.কম), 0৮-০২-২০১২













