বিনোদন ( কুমিল্লার খবর.কম ): মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছে এটিএন বাংলার দুই ক্ষুদে সাংবাদিক রাবেয়া আক্তার সুবর্ণা ও প্রিয়ন্তী দেবনাথ পুজা। শিশু অধিকার রক্ষায় অবদান রাখার জন্য ইউনিসেফ ২০০৫ সাল থেকে গণমাধ্যম কর্মীদের সম্মানিত করে আসছে।
এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার হোটেল সোনগাঁয়ের বলরুমে মীনা মিডিয়া অ্যাওয়ার্ডের সপ্তম আসরের পুরস্কার প্রদান করা হয়। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সৃজনশীল এবং সাংবাদিকতায় অবদান রাখার এই এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপিস্থত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউনিসেফ বাংলাদেশ এর প্রতিনিধি ক্যারল ডি রয় এবং ইউনিসেফ এর শিশু অধিকার বিষয়ক অ্যাডভোকেট বরেণ্য জাদুশিল্পী জুয়েল আইচ।
২০১১ সালের মীনা মিডিয়া অ্যাওয়ার্ডে ১৮ বছরের নীচের বয়স সীমার প্রতিযোগীদের মধ্যে এটিএন বাংলার আমরা করবো জয় এর সদস্য প্রিয়ন্তী দেবনাথ পুজা সাংবাদিকতায় অবদান রাখার জন্য ‘বেদে শিশুরা’ শিরোনামের রিপোর্টের জন্য দ্বিতীয় পুরস্কার জিতে নেন।
সৃজনশীল ক্যাটাগরিতে রাবেয়া আক্তার সুবর্ণা ‘চাই পুষ্টির অধিকার’ শিরোনামের প্রতিবেদনের জন্য দ্বিতীয় পুরস্কার অর্জন করেন।
কুমিল্লার খবর.কম, ১৪-১০-২০১১













