মতলব উত্তরের ৯৫ দ্বৈত ভোটারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের পত্র

চাঁদপুর (কুমিল্লার খবর.কম ) : নির্বাচন কমিশন কর্তৃক ছবিসহ ভোটার তালিকা প্রনয়ণ এবং জাতীয় পরিচয়পত্র প্রদানের সহায়তা প্রদান প্রকল্পের আওতায় চাঁদপুরের মতলব উত্তর ১৪টি ইউনিয়ন পরিষদ ও ছেংগারচর পৌরসভায় ভোটার তালিকা করা হয়। এএফআইএস ম্যাচিংয়ে প্রথম পর্যায়ে মতলব উত্তর উপজেলার ৯৫ জন দ্বৈত ভোটারের তালিকা বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে উপজেলা নির্বাচন অফিসারের কাছে জাতীয় পরিচয়পত্র জব্দ করাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পাঠিয়েছে।


মতলব উত্তর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ভোটার নিবন্ধনকালে দ্বৈত ভোটার হিসেবে নিবন্ধিত ভোটারের তথ্য এএফআইএস ম্যাচিং এর মাধ্যমে ১ম পর্যায়ে ৯৫ জনকে সনাক্ত করা হয়েছে। এ সকল ভোটারের বিষয়ে নির্বাচন কমিমশন সচিবালয়ে গত ৩০মে সভায় সিদ্ধান্ত অনুযায়ী যে সব ক্ষেত্রে ডেমোগ্রাফিক ডাটা ও ছবি মিলে যাবে এবং কোন অসঙ্গতি থাকবেনা সেসব ক্ষেত্রে একটি ডাটা বিলোপ করে অন্যটি সংরক্ষণ করতে বলা হয়েছে। ডাটাবেজ ম্যাচিং এ ধরনের দ্বৈত ভোটার হিসেবে চিহ্নিত ভোটারদের ২য় বারের নিবন্ধন বহাল রেখে ১ম বারের নিবন্ধিত এলাকা হতে নাম কর্তন করা হয়েছে।


মতলব উত্তর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শেখ ফরিদকে কর্তনকৃত ভোটারদের বিষয়ে অবহিতকরণ ও জাতীয় পরিচয়পত্র জব্দ করে তা বিনষ্ট করনের ব্যবস্থা গ্রহন করতে বলা হয়েছে। এ পত্রের বিষয়ে নির্বাচন কর্মকর্তা নিশ্চিত করেছে।

 

 

মনিরা আক্তার মনি,মতলব উত্তর,চাঁদপুর

কুমিল্লার খবর.কম, ০৪-১০-২০১১