শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল খুশির ঈদ

জাতীয় ( কুমিল্লার খবর.কম ): ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজ শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বুধবার পবিত্র ঈদুল ফিতর। সবার কণ্ঠে এখন একটাই সুর ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দিবি শোন আসমানি তাগিদ।’

চাঁদ দেখার পর পরই মসজিদের মাইকে ভেসে আসছে ‘ঈদ মোবারক’ ধ্বনি। জানিয়ে দেওয়া হচ্ছে ঈদের জামাতের সময়সূচিও।

মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ১৪৩১ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ধর্মপ্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া এতে সভাপতিত্ব করেন।

আকাশে চাঁদ উঠার মধ্য দিয়ে প্রতিক্ষার প্রহর শেষ হয়েছে। বুধবার সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

প্রিয় নবী হজরত মোহাম্মদ (সাঃ)-এর মদিনাতে হিজরতের অব্যবহিত পরেই সংযম আর আনন্দের প্রতীক পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উৎসব শুরু হয়। সৃষ্টি হয় সংযম আর সম্প্রীতির বৈষম্যমুক্ত এক নতুন মূল্যবোধের।

ঈদের দিন সকালে ধনী-গরিব নির্বিশেষে সব মুসলমান এক কাতারে ঈদের নামাজ আদায় শেষে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করবেন।

ঈদ উপলক্ষে বড় শহর ও রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোও সাজনো হয়েছে। রাজধানীতে বনানী থেকে বঙ্গভবন পর্যন্ত প্রধান সড়ক ও সড়কদ্বীপগুলো জাতীয় পতাকা এবং বাংলা ও আরবিতে ঈদ মোবারক-খচিত ব্যানার দিয়ে সাজানো হয়েছে। ঈদের বিভিন্ন সরকারি ভবনগুলোতেও আলোকসজ্জা করা হয়েছে।

ঈদ উপলক্ষে দৈনিক পত্রিকাগুলো এরইমধ্যে প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র। আর এই আনন্দকে বাড়িয়ে দিতে আছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ঈদের বিশেষ অনুষ্ঠানমালা।

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে পৃথক শুভেচ্ছা জানিয়েছেন।

রাষ্ট্রপতি জিল্লুর রহমান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক বাণীতে বলেন, ‘রমজানে মাসব্যাপী সিয়াম সাধনা, সংযম ও আত্মশুদ্ধির পর ঈদ-উল-ফিতর মানবজাতিতে বয়ে আনে এক অনাবিল আনন্দ ও খুশির বারতা। এদিন ধনী-গরিব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাই সকল প্রকার ভেদাভেদ ভুলে এক কাতারে শামিল হয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভালোবাসায় ঐক্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপর এক বাণীতে বলেন, ‘মাসব্যাপী সিয়াম সাধনার পর সকলের জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে ঈদুল ফিতর। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের বন্ধনকে সুদৃঢ় করার অনুপম শিক্ষা দেয়। সাম্য-মৈত্রী ও সম্প্রীতির সূত্রে গ্রথিত করে সকল মানুষকে।’

বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীর সুখ-সমৃদ্ধি কামনা করেছেন। তিনি বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদ-উল-ফিতরের দিন সকাল সাড়ে ৯টায় আওয়ামী লীগের নেতা ১০টায় কবি সাহিত্যিক, লেখক, সাংবাদিক শিক্ষক, রাজনীতিক ও বিভিন্ন শ্রেণী পেশা এবং ১১টায় কূটনীতিক ও বিচারপতিদের সঙ্গে তাঁর সরকারি বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।


কুমিল্লার খবর.কম, ৩০-০৮-২০১১