টানা তিন ম্যাচ জিতে ওয়ানডে সিরিজও জিম্বাবুইয়ের ঘরে

খেলা ( কুমিল্লার খবর.কম ): স্বাগতিক জিম্বাবুইয়ে টেস্ট জয়ের পর এবার ৫ ম্যাচের ওয়ানডে সিরিজটাও নিজেদের করে নিয়েছে । ওয়ানডে সিরিজের টানা তিন ম্যাচ জিতে দুই ম্যাচ হাতে রেখেই ৩-০ তে সিরিজ নিশ্চিত করেছে জিম্বাবুইয়ে।


হারারেতে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে স্বাগতিকদের দেয়া ২৫১ রানের টার্গেটে খেলতে নেমে মুশফিকের সেঞ্চুরির উপর ভর করে বাংলাদেশ ২৪৫ রান তুলতেই সব উইকেট হারিয়ে বসে। ফলে ৫ রানের জয় পায় জিম্বাবুইয়ে।


জিম্বাবুইয়ের দেয়া টার্গেটে খেলতে নেমে দলীয় ৫০ রানে উতসেয়ার বলে এলবিডবিস্নউ হয়ে সাজঘরে ফেরেন ওপেনার ইমরুল কায়েস (১৬)। এরপর ৬৮ রানে আউট হন জুনায়েদ সিদ্দিক (১২)। আরেক ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল ৪৪ রান করে রানআউট হন।

দলীয় ১২৪ রানের মাথায় ব্যক্তিগত ১৯ রান করে উতসেয়ার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন সাকিব আল হাসান। ব্যাক্তিগত ৩২ রান করে মুশফিকের সাথে ভুল বোজাবুজি হলে রান আউট হন শুভাগত হোম।

এরপর ভিট্টোরির বলে আউট হন মাহমুদুল্লাহ (১৪) ও নাসির (০)। শফিউল ও রুবেল প্রত্যেকেই জারভিসের বলে ১ রান করে আউট হন। দলের পক্ষে সর্বোচ্চ ১০১ রান করেন মুশফিক। জিম্বাবুইয়ের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন উতসেয়া। ২টি করে উইকেট পান জারভিস ও এমপু, ভিট্টোরি।


প্রথম ইনিংসে জিম্বাবুইয়ের টপ অর্ডার ব্যাটসম্যান টাডেন্টা টাইবু ও মাসাকাদজার জোড়া হাফ সেঞ্চুরির উপর ভর করে স্বাগতিকরা ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫০ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ টাডেন্ডা টাইবু ৮৩ রান করেন।

এছাড়া মাসাকাদজা ৭৪, চিগুম্বুরা ৩১, সিবান্দা ২৭ রান করেন। বাংলাদেশের পক্ষে রুবেল হোসেন ১০ ওভার বল করে ৪১ এবং সাকিব ৬ ওভারে ৪২ রান দিয়ে দুটি করে উইকেট নেন। এছাড়া শফিউল, মাহমুদউল্লাহ ও নাজমুল ১টি করে উইকেট নেন।


এর আগে টস জিতে জিম্বাবুইয়েকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ দলপতি সাকিব আল-হাসান।


কুমিল্লার খবর.কম, ১৭-০৮-২০১১