মেয়র পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে ছেংগারচর পৌরসভায়

চাঁদপুর ( কুমিল্লার খবর.কম ): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে রোববার ভোটগ্রহণ চলছে।


১০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে শুরু ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে বৃষ্টি শুরু হওয়ায় কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।


৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এই পৌরসভায় মোট ভোটার ২২ হাজার ১৮৮ জন। মেয়র পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।


নির্বাচনে প্রতিকেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট, ২৪ জন পুলিশ সদস্য ও তিনটি কেন্দ্রের জন্য একজন করে নির্বাচনী অফিসার, ১০ জন প্রিসাইডিং অফিসার ও ৭৩ জন সহকারী প্রিসাইডিং অফিসার, ১৪৬ জন পোলিং অফিসার ভোটগ্রহণ কাজে নিয়োজিত রয়েছেন।


নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে এক প্লাটুন বর্ডার গার্ড ও ৩৬ সদস্যের  র‍্যাব বাহিনী ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করছে। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন।


গত ১৮ জানুয়ারি অনুষ্ঠিত ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে বিল্লাল হোসেন সরকার মেয়র নির্বাচিত হয়ে দায়িত্বভার গ্রহণের ২ মাস ২৭ দিনের মাথায় গত ১০ মে মারা গেলে মেয়র পদটি শূন্য হয়।


কুমিল্লার খবর.কম, ০৭-০৮-২০১১