ইকোনমিস্টে বাংলাদেশের প্রতিবাদ প্রকাশ

ঢাকা ( কুমিল্লার খবর.কম ): বাংলাদেশ ও ভারত সম্পর্কিত আলোচিত প্রতিবেদন সম্পর্কে বাংলাদেশের পাঠানো প্রতিবাদ প্রকাশ করেছে বৃটেনের প্রভাবশালী সাপ্তাহিক ‘দ্য ইকোনমিস্ট’।
গত ৩০ জুলাই দ্য ইকোনমিস্টে ‘ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ: এমব্রেসেবল ইউ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ-ভারত সম্পর্ক, ট্রানজিট মানবতাবিরোধী অপরাধের বিচার সম্পর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং ২০০৮ সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচন নিয়ে নেতিবাচক মন্তব্য করা হয়। বাংলাদেশ সরকার এর প্রতিবাদে বৃহস্পতিবার ই-মেইলে একটি প্রতিবাদপত্র ‘দ্য ইকোনমিস্ট’ বরাবরে পাঠায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় বহিঃপ্রচার অণুবিভাগের মহাপরিচালক শামীম আহসান স্বাক্ষরিত চার পৃষ্ঠার প্রতিবাদপত্রটি তারা হুবহু প্রকাশ করেছে। তবে তারা প্রতিবাদটিকে বাংলাদেশ সরকারের পাঠানো একটি চিঠি বলে মন্তব্য করেছে।
এর আগে প্রতিবাদ সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, ‘আমাদের পাঠানো প্রতিবাদটি তাদের ছাপানো প্রতিবেদনের স্থানে ছাপাতে বলা হয়েছে। যদি তারা তা না করে পরবর্তীতে অন্য ব্যবস্থা নেয়া হবে।’


কুমিল্লার খবর.কম, ০৬-০৮-২০১১