কুমিল্লায় শনিবার বিকেলে সেক্টর কমান্ডার্স ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা টাউন হল মিলনায়তনে শনিবার বিকেলে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার লে. কর্নেল নুরুজ্জামান ও সেক্টর কমান্ডার মীর শওকত আলী স্মরণে এবং যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার লক্ষ্যে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি সফিউল আহমেদ বাবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে সাবেক সেনাপ্রধান ও ফোরামের সিনিয়র সহ-সভাপতি জেনারেল কেএ শফিউল্লাহ (বীর উত্তম) ও প্রধান বক্তা হিসেবে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ফোরামের সাধারণ সম্পাদক ও সাবেক সেনা প্রধান লে. জেনারেল হারুন-উর-রশিদ, অর্থ সম্পাদক মেজর জেনারেল জামিল ডি আহসান, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী, ফোরামের সাংগঠনিক সম্পাদক ম. হামিদ, প্রফেসর আবুল কালাম আজাদ, নাজমুল হাসান পাখী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের পর ৭২ সালে যে সংবিধান রচিত হয়েছিল তার সাথে সাংঘর্ষিক কিছু রাখা যাবে না। রাষ্ট্র যেহেতু সকল ধর্মের লোকের সেহেতু সংবিধানে ধর্ম নিরপেক্ষতা রাখতে হবে। সংবিধানের ৪ স্তম্ভের বাইরে যাওয়া যাবে না। ৭২’র সংবিধানের পুনঃপ্রতিষ্ঠা করার দাবি জানিয়ে বক্তারা আরো বলেন, ৭৫-এ বঙ্গবন্ধু নিহত হবার পর জিয়া এবং এরশাদ সংশোধনী এনে সংবিধানকে বিকৃত করেছিল। সুপ্রিম কোর্টের সংবিধান সংক্রান্ত যুগান্তকারী একটি রায় ৭২’র সংবিধানে ফিরে যেতে সুযোগ করে দিয়েছে। সে সুযোগ গ্রহণ না করে সংবিধানে সাংঘর্ষিক কিছু করা হলে তা মেনে নেয়া হবে না। এ নিয়ে মুক্তিযোদ্ধারা সংগ্রাম চালিয়ে যাবেন বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
কমিল্লার খবর.কম, ০৩-০৭-২০১১













