আজ সরকারি কাজে ই-টেন্ডারিং চালু হচ্ছে

আজ বৃহস্পতিবার থেকে সরকারি কাজে ই-টেন্ডারিং চালু হচ্ছে। সরকারের যাবতীয় ক্রয়সংক্রান্ত কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে এ পদ্ধতি চালু করা হচ্ছে। প্রাথমিকভাবে ৪টি ক্রয় অফিসে ই-টেন্ডারিং চালু হবে। এগুলো হলো-স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর, পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। পরে তা সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটসহ (সিপিটিইউ) ১৭টি অফিসে চালু হবে। পর্যায়ক্রমে ৩০৮টি ক্রয়কারী অফিসেও চালু হবে বলে পরিকল্পনা কমিশনের সিপিটিইউ সূত্রে জানা গেছে।
আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর থেকে এর মাধ্যমে টেন্ডারিং’র সব কাজ করা যাবে।
এ বিষয়ে পরিকল্পনা কমিশনের এক কর্মকর্তা বলেন, ই-টেন্ডারিং চালু হলে হাতে হাতে দরপত্র বহন করার ঝুঁকি থাকবে না। ম্যানুয়ালি যে কাজগুলো করা হতো তাও করার প্রয়োজন হবে না। এতে প্রতিযোগিতা বাড়বে। ক্রয়কৃত পণ্যের মান বৃদ্ধি পাবে। একই সঙ্গে দ্রুত কাজ শেষ করা যাবে বলে তিনি জানান।
বিশ্বব্যাংকের সহায়তায় সরকারের বাস্তবায়নাধীন পাবলিক প্রকিউরমেন্ট রিফর্ম প্রজেক্ট-২ এর আওতায় এ ই-টেন্ডারিং চালু হচ্ছে। এজন্য সম্প্রতি ৭টি ব্যাংকের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ব্যাংকগুলো হলো- সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, পূবালী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।


কুমিল্লার খবর .কম, ঢাকা, ০২-০৬-২০১১